টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার।
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ইয়াবার বড় একটি চালানসহ মোঃ মোবারক নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। ১০ জুলাই বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, মাদক কারবারীরা ইয়াবার একটি বড় চালান নিয়ে সিএনজি যোগে টেকনাফের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বরইতলী এলাকায় পাকা রাস্তায় চেকপোস্ট বসায় র্যাব।
চেকপোস্টে জাদিমুরা থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিয়ে থামানো হয়। এরপর সিএনজিটি তল্লাশি করে এর বাম পাশের চাকার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় সিএনজি চালক মোঃ মোবারককে আটক করা হয়।
গ্রেফতারকৃত ১৯ বছর বয়সী মোবারক টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার সৈয়দ আলীর ছেলে। ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৫ কর্তৃপক্ষ।
সহকারী পরিচালক (মিডিয়া), র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনাফ এলাকাকে মাদকমুক্ত রাখতে তারা নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছেন।


আপনার মতামত লিখুন
Array