লামায় ডা. উইলিয়াম লুসাইয়ের স্মরণে সভাকক্ষ উদ্বোধন
লামায় ডা. উইলিয়াম লুসাইয়ের স্মরণে সভাকক্ষ উদ্বোধন
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়াত সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল’ নামে একটি নতুন সভাকক্ষ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত সভাকক্ষটির উদ্বোধন করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
এ সময় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা প্রয়াত ডা. উইলিয়াম লুসাইয়ের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে প্রতিদিন ইনডোরে শতাধিক রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে একটি অ্যাম্বুলেন্সের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। ফলে জরুরি রোগী স্থানান্তরে রোগীর স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, রোগীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা, জনবল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সুবিধা দ্রুত বাড়ানো প্রয়োজন।


আপনার মতামত লিখুন
Array