খুঁজুন
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন, ১৪৩৩ | ই-পেপার |
ads

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ

নিউজ ডেস্ক:

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) পরিচালিত বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানির দরপত্রকে ঘিরে গুরুতর অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। খাতসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিগত সরকারের সময়ে আর্থিক খাতে ব্যাপকভাবে আলোচিত ‘এস আলম গ্রুপ’-এর সঙ্গে সংশ্লিষ্ট ছায়া কোম্পানিগুলোকে রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের সুযোগ করে দেওয়ার একটি প্রক্রিয়া চলছে।

 

অভিযোগ রয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ‘লিয়ানেক্স’ এবং তাদের ব্যবসায়িক সহযোগী ‘মোহিত মিনারেলস’ ও ‘লোশে শিপিং’ ভুয়া ও জাল নথি ব্যবহার করে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহের দরপত্রে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানকে সুবিধা দিতে বিদ্যুৎকেন্দ্রটির সিপিও জাহিদুর রহমানের সঙ্গে যোগসাজশের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, একই প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত এস আলমের ‘এসএস পাওয়ার’ বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সরবরাহের সঙ্গে যুক্ত।

 

বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টদের মতে, দেশে গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে যখন চাপ তৈরি হয়েছে, তখন রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় কয়লা আমদানির ক্ষেত্রে সরবরাহকারীদের সক্ষমতা, অভিজ্ঞতা, আর্থিক ও লজিস্টিক সামর্থ্য এবং কয়লার উৎস যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

 

তবে অভিযোগ উঠেছে, চলমান দরপত্র প্রক্রিয়ায় সব অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে একই মানদণ্ডে মূল্যায়ন করা হয়নি। পর্যাপ্ত লজিস্টিক সক্ষমতা, প্রমাণিত সরবরাহ অভিজ্ঞতা কিংবা যাচাইকৃত কয়লা খনির নথি না থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

 

দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জমা দেওয়া ‘মাইন এমওইউ’ এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন কয়লা খনির নথির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

অভিযোগকারীদের দাবি, বিআইএফপিসিএল কর্তৃপক্ষ নির্ধারিত মানসম্পন্ন কয়লা সরবরাহে সক্ষম ইন্দোনেশীয় খনিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে এসব নথি যাচাই করেছে কি না, তা স্পষ্ট নয়। বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট সূত্রের দাবি, সংশ্লিষ্ট খনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ কিংবা ই-মেইলের মাধ্যমে স্বাধীন যাচাইয়ের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

 

ফলে দরপত্রে জমা দেওয়া নথিগুলো প্রকৃত না জাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাস্তবে ওই খনি থেকে প্রয়োজনীয় পরিমাণ কয়লা সংগ্রহ ও সরবরাহ করতে সক্ষম কি না—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, কোনো প্রতিষ্ঠানকে দরপত্রে যোগ্য ঘোষণা করার আগে তার জমা দেওয়া নথি এবং সংশ্লিষ্ট খনির উৎপাদন ও সরবরাহ সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। তার ভাষ্য, শুধু কোনো একটি নথি উপস্থাপন করলেই কয়লার উৎসের সত্যতা নিশ্চিত হয় না। যথাযথ যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে দেশের কয়লা সরবরাহব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদন উভয়ই ঝুঁকির মুখে পড়তে পারে।

 

অন্য জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম বলেন, নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে সেটি স্বাভাবিক বিষয়। তবে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির পূর্ব অভিজ্ঞতা, সরাসরি খনি-সংযোগ এবং বাস্তব সরবরাহ সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা দরকার। জাতীয় জ্বালানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত যাচাই ছাড়া কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা উচিত নয় বলেও মত দেন তিনি।

 

চলমান দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টদের একটি অংশ স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, তদন্তের মাধ্যমে দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর নথি, খনি-সংযোগ, সরবরাহ সক্ষমতা এবং মূল্যায়ন প্রক্রিয়া পর্যালোচনা করা প্রয়োজন।

 

তদন্তে যদি স্বজনপ্রীতি, অসম আচরণ, তথ্য গোপন কিংবা প্রয়োজনীয় নথি যথাযথভাবে যাচাই না করার প্রমাণ পাওয়া যায়, তাহলে চলমান দরপত্র বাতিল করে নতুন করে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও যাচাইযোগ্য প্রক্রিয়ায় দরপত্র আহ্বানের দাবি জানিয়েছেন তারা।

 

অভিযোগগুলোর বিষয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, মূল্যায়ন প্রক্রিয়াটি কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে না। একটি দক্ষ ও উচ্চপর্যায়ের কারিগরি দল পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। ফলে অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

 

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি যখন চ্যালেঞ্জের মুখে, তখন কয়লা আমদানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে দরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, সমান সুযোগ এবং প্রতিটি নথি ও সরবরাহ উৎসের স্বাধীন যাচাই নিশ্চিত করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি ওষুধসহ ৩জন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি ওষুধসহ ৩জন আটক

বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি ওষুধসহ ৩জন আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির আভিযানিকদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে এবং পাচারের সাথে জড়িত ৩ জনকে আটক করে। জব্দকৃত ওষুধের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

 

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ হারুন মিয়া, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকার মোঃ জয়নালের ছেলে মোঃ আকছার।

 

আটককৃতদের জিজ্ঞাসাবাদ জানা যায়, তারা ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করে নিয়ে যাচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত ওষুধসহ অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাহাড়ের ৩ কমিটি নিয়ে বিভ্রান্তিকর বিবৃতির জবাবে সচেতন নাগরিক সমাজের যৌথ প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
পাহাড়ের ৩ কমিটি নিয়ে বিভ্রান্তিকর বিবৃতির জবাবে সচেতন নাগরিক সমাজের যৌথ প্রতিবাদ

পাহাড়ের ৩ কমিটি নিয়ে বিভ্রান্তিকর বিবৃতির জবাবে সচেতন নাগরিক সমাজের যৌথ প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গঠিত উচ্চপর্যায়ের তিন কমিটি নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য বিবৃতি দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের ‘সচেতন নাগরিক সমাজ’। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠনের সরকারি প্রজ্ঞাপন ঘিরে ৫১/৫২ জন বুদ্ধিজীবী ও নাগরিকের একাংশের বিবৃতির জবাবে ১০২ জন বিশিষ্ট ব্যক্তি এই যৌথ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে সচেতন নাগরিক সমাজের পক্ষে আহ্বায়ক কাজী মোঃ মজিবর রহমান জানান, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদী সমস্যা নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বস্তরের জনগোষ্ঠীর সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্ব ও অগ্রাধিকার প্রদান করছে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করতেই সরকার এই গঠনমূলক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

 

যৌথ বিবৃতিতে সচেতন নাগরিক সমাজ উল্লেখ করে, ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ সুফল পার্বত্য অঞ্চলের পাহাড়ি-বাঙালি সকল সাধারণ মানুষ যাতে সমানভাবে ভোগ করতে পারেন, সেজন্য প্রশাসনিক দক্ষতা ও বাস্তবমুখী তদারকি জোরদার করা অপরিহার্য হয়ে পড়েছিল। সরকারের এই প্রশাসনিক উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটানো, গুম-খুন, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ করা এবং সাধারণ নাগরিকের জীবন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন এবং অভিজ্ঞ প্রশাসনিক কাঠামোর সহায়তায় এ সংস্কার কাজ পরিচালনাকে অহেতুক “সামরিকায়ন” বা “আমলাতান্ত্রিক কর্তৃত্ব” বলে আখ্যায়িত করা বাস্তবতার অপলাপ এবং নৈরাজ্য জিইয়ে রাখার পুরনো কৌশল মাত্র।

 

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, পার্বত্য অঞ্চলের কোনো রাজনৈতিক বা সামাজিক প্রতিনিধিত্ব সংকুচিত করার দূরভিসন্ধি সরকারের নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পাহাড়ের অস্থিতিশীলতা রোধ ও সার্বিক নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পার্বত্য অঞ্চলের তিনটি আসন থেকে প্রাপ্ত জনরায়ের ওপর ভিত্তি করেই সরকার জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে হাত দিয়েছে। ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা আছে যে, গঠিত পরামর্শক ও নির্বাহী কমিটি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে স্থানীয় উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, নিরাপত্তা বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনি সংস্কার নিয়ে সুপারিশ পেশ করবে।

 

সচেতন নাগকিক সমাজের প্রতিনিধিরা আরও জানান, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র দলগুলোর অবৈধ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বহিঃশত্রুর নানাবিধ অপতৎপরতা নস্যাৎ করতেই এই সুসংহত কৌশল গ্রহণ করা হয়েছে। সাধারণ উপজাতি কিংবা বাঙালি জনগোষ্ঠীর নাগরিক সুবিধা হরণ করার কোনো উদ্দেশ্য এতে নেই। নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ গঠনের অঙ্গিকার রক্ষায় পাহাড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি।

 

স্বাধীনতার পর থেকে পার্বত্য সমস্যা নিরসনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান সরকার সকল নাগরিকের মৌলিক সমস্যা সমাধানে তার একটি গতিশীল ও বাস্তবায়নযোগ্য আধুনিক রূপরেখা দাঁড় করাতে চায়। নিরাপত্তার বিষয়টিকে কেবল ‘নিরাপত্তার চশমা’ দিয়ে না দেখে, পাহাড়ে বসবাসকারী প্রতিটি মানুষের বেঁচে থাকার ন্যূনতম গ্যারান্টি হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

 

পরিশেষে, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পাহাড়ে পুনরায় অস্থিতিশীলতা তৈরি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। একই সাথে পার্বত্য অঞ্চলে বসবাসকারী শান্তিকামী উপজাতি ও বাঙালি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাহাড়ের মূল সমস্যা সমাধানে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানানো হয়।

 

বিবৃতিতে স্বাক্ষর করেন দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আসিফ মিজান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসিনুর রহমান, লে: কর্নেল (অব:) খন্দকার ফরিদুল আকবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু তৈয়ব চৌধুরীসহ সমাজসেবী, শিক্ষাবিদ, আইনজীবী, উন্নয়নকর্মী ও পার্বত্য অঞ্চলের শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বান্দরবানকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
বান্দরবানকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

বান্দরবানকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপান্তর করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বান্দরবান পৌরসভার চারপাশের সামগ্রিক পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণের উদ্দেশ্যে এক ঝটিকা পরিদর্শন পরিচালনা করেছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি। পরিদর্শনকালে তিনি শহরের বিভিন্ন উন্নয়নমূলক ও পরিচ্ছন্নতা কাজের তাগিদ দিয়ে সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

 

সড়ক ও অবকাঠামো মেরামত: ফায়ার সার্ভিস ও হাসপাতাল রোড সংলগ্ন সড়কের খানাখন্দ এবং ভগ্নদশা দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

 

৩ নং ওয়ার্ডের কালাঘাটা এলাকার চৌরাস্তা সংলগ্ন এলাকায় যত্রতত্র জমা হওয়া ময়লা-আবর্জনা ও আগাছা দেখে গভীর অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে তা পরিষ্কারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং যানজট নিরসনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারি খাসজমি ও সড়কের ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে দখলমুক্ত করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়।

 

রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকার সুপেয় পানির সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিম্নমানের যাত্রীসেবা দেখে দুঃখ প্রকাশ করে মন্ত্রী যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

 

পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষের সুবিধার্থে প্রধান ডাকঘরের নিকট থানচি বাস স্ট্যান্ড এবং রুমা বাস টার্মিনাল সংলগ্ন পৃথক দুটি স্থানে অত্যাধুনিক ও পরিচ্ছন্ন ‘পাবলিক টয়লেট’ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিরা।

 

পরিদর্শন শেষে আশাবাদ ব্যক্ত করে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, “সরকারের সঠিক পরিকল্পনা ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতায় অতি দ্রুত বান্দরবান একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও মডেল পর্যটন নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে।”