খুঁজুন
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র, ১৪৩৩ | ই-পেপার |
ads

কিশোরীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা: রোয়াংছড়িতে সম্প্রীতি রক্ষায় চার সম্প্রদায়ের সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
কিশোরীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা: রোয়াংছড়িতে সম্প্রীতি রক্ষায় চার সম্প্রদায়ের সভা

কিশোরীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা: রোয়াংছড়িতে সম্প্রীতি রক্ষায় চার সম্প্রদায়ের সভা

চিংনুমং মারমা, রোয়াংছড়ি, বান্দরবান:

 

বান্দরবানের রোয়াংছড়িতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে ঘিরে যেন কোনো ধরনের সামাজিক বা সামপ্রদায়িক অস্থিরতা তৈরি না হয়, সে লক্ষ্যে চার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়ার ‘উপজেলা ঘিলাফুল লাইব্রেরি’ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় বাঙালি, হিন্দু, বড়ুয়া ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতি ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, “সম্প্রতি ওয়াগয় পাড়ায় একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ওয়াগয় পাড়ায় দীর্ঘকাল ধরে নানা সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করছেন। একটি বিচ্ছিন্ন ঘটনার জেরে এই ঐতিহ্য যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়—সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওয়াগয় পাড়ার ১৭ বছর বয়সী এক কিশোরীকে কেন্দ্র করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িচালক মো. সজিবুর রহমানের (৩৭) বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এতে স্থানীয় অধিবাসীদের মধ্যে ক্ষোভ ও ভুল বোঝাবুঝি ছড়ায়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে মো. মন্নান নামের এক ব্যক্তি ও ওয়াগয় পাড়ার কয়েকজন যুবকের মধ্যে অনাকাঙ্ক্ষিত তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।

 

পরবর্তী সময়ে এলাকার বয়োজ্যেষ্ঠ ও সমাজপতিদের মধ্যস্থতায় বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত মো. মন্নানকে চিকিৎসা খরচ বাবদ ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয় এবং অভিযুক্ত পক্ষের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিরোধের অবসান ঘটানো হয়।

 

অর্ধশতাধিক স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এ সভায় বক্তারা উদাত্ত আহ্বান জানান—ভবিষ্যতে এই জাতীয় সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো সামাজিক ফাটল বা সামপ্রদায়িক রূপ না পায়, সে ব্যাপারে সব পক্ষকে সজাগ থাকতে হবে।

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২.২০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃতঃ সিরাজ উদ্দিনের তিন ছেলে নাসিরুল ইসলাম (৪০), নজমুল ইসলাম (৩৭) ও আবু জাহেদ (৩৫)। স্থানীয়রা জানান, বেলা ২.২০ মিনিটের সময় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয় জনতার এবং বোদা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নগদ অর্থসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও গভীর শোক প্রকাশ করেছেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ আহসান হাবিব মাস্টার এবং রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান।

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাল তীর জাতের বেগুন চাষ করে বাম্পার ফলন ও কাক্সিক্ষত দাম পেয়ে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদাপূরণের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ সংলগ্ন উত্তর বঠিনা চাঁদপুর ক্যাম্প এলাকায় গিয়ে দেখা যায় নদীর তীরঘেঁষে চলছে বেগুন কেনাবেচার ব্যস্ততা। পাইকাররা সরাসরি মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে বেগুন সংগ্রহ করছেন। কথা হয় স্থানীয় কৃষক লোকমান, সোহান, জব্বার মাস্টার ও মনসুরের সঙ্গে। তারা জানান, চলতি মৌসুমে লাল তীরের বেগুন আবাদ করে বেশ ভালো মুনাফা পাচ্ছেন। কৃষক লোকমান বলেন, আমি এবার দেড় বিঘা জমিতে লাল তীর বীজের বেগুন চাষ করেছি। এতে আমার মোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমাণ বেগুন রয়েছে, তাতে সব মিলিয়ে সর্বমোট ৩ লাখ টাকার বেগুন বিক্রি হবে বলে আশা করছি। এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিট লাভ থাকবে। একই এলাকার কৃষক আবু কালাম, সাদেক হোসেন ও জালালসহ আরও অনেকেই জানান, লাল তীর জাতের বেগুনের ফলন ও বাজার দর দুটোই ভালো পাওয়ায় তারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বেগুনসহ নানা জাতের সবজি চাষে নিয়মিত উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে বাজারে বেগুনের উপযুক্ত দাম থাকায় কৃষকরা ভালো লাভ করতে পারছেন। তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের কারিগরি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ক্রীড়ায় শক্তি, ‘ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (দ্বিতীয় মৌসুম)-এর খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজাগাঁও ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সন্তান ও রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। খেলা শেষে আসাননগর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আব্দুল জব্বার, সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি, নুরুল ইসলাম নুরু, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, আহসান হাবীব মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, মোস্তবা রাফিত মাহী, সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ছাত্রদল, দেলোয়ার হোসেন দেলু, আহ্বায়ক, রুহিয়া উপজেলা ছাত্রদল, মহসিন আলী, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল, আখিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন বিপুল দাস ও রমজান আলী। খেলার মাঠে ধারাবিবরণী দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় ধারাভাষ্যকার তপু।