পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ বাঁশখালী গড়ার আহ্বান: সবাইকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামছে উপজেলা প্রশাসন।
পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ বাঁশখালী গড়ার আহ্বান: সবাইকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামছে উপজেলা প্রশাসন।
মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানকে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার সকাল ১০টায় উপজেলা সদর থেকে একটি পরিচ্ছন্নতা র্যালি ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হবে।
র্যালিটি উপজেলা সদর থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কর্মসূচিতে সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক পৌর ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন বলেন, একটি পরিচ্ছন্ন শহর শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি সুস্থ ও নিরাপদ জীবনেরও অন্যতম শর্ত। আমরা নিজেদের ঘরবাড়ি যেমন পরিষ্কার রাখি, তেমনি রাস্তাঘাট, ড্রেন, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বাঁশখালী পৌরসভা উপজেলার প্রাণকেন্দ্র। অথচ অনেক জায়গায় অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, গৃহিণী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন—সবাই একসঙ্গে এগিয়ে এলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, প্রতি সপ্তাহে শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠবে। এতে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, নিজের বাড়ির আঙিনা থেকে শুরু করে পুরো এলাকা পরিচ্ছন্ন রাখি। যেখানে-সেখানে ময়লা না ফেলে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করি এবং আমাদের প্রিয় বাঁশখালীকে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য জনপদে পরিণত করি।”


আপনার মতামত লিখুন
Array