সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন বান্দরবান সদর ও থানচি
সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন বান্দরবান সদর ও থানচি
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত উৎসবমুখর ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ৪ঠা অক্টোবর (রবিবার) বিকেলে বান্দরবানে অনুষ্ঠিত এই ফাইনালে পুরুষ বিভাগে বান্দরবান সদর উপজেলা দল এবং নারী বিভাগে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে শক্তিশালী আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নারী বিভাগের ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার এবং ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল (বিএসপি), বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মিজ ম্যামাচিং, সাবেক চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ (পিএসসি), জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ সরদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুলসহ অন্যান্য সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
উভয় বিভাগে দারুণ নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়দের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়: নারী বিভাগ: সেরা গোলকিপার নির্বাচিত হন রিংকি মারমা। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন মাপ্রুচিং মারমা এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দীপা চাকমা।
পুরুষ বিভাগ: সেরা গোলকিপারের পুরস্কার লাভ করেন ইমন বড়ুয়া। অন্যদিকে, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচের ট্রফি অর্জন করেন মোঃ জাফর।
টুর্নামেন্টে খেলোয়াড়দের দুর্দান্ত ক্রীড়াশৈলী এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্টেডিয়াম চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইতি টানল ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।


আপনার মতামত লিখুন
Array